উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘যার বিষয়ে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের সঙ্গে এখানে নেই। তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। তার চিকিৎসা… যেখানে বাংলাদেশের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন… তারা বলছেন, তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন-সংগ্রামের ওপর লেখা এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোববার (২৬ মে) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’র বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠান হয়। ৬৭০ পৃষ্ঠার এই গ্রন্থ প্রকাশ করেছে ইতি প্রকাশনা।
অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে… আজ বিভিন্নজনের বক্তব্যে এটা উঠে এসেছে এবং আসবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে।’
তিনি বলেন, ‘এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না। দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, যদি নিজেরা সচেতন না হই তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারবো না।’
