কুয়েতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শহীদদের সম্মানে নীরবতা পালন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান ও শ্রম কাউন্সিলর আবুল হোসেন। এছাড়াও গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ এ দিবসটির তাৎপর্য তুলে ধরেন পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর ইকবাল আকতার। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
