২০২২ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যদা পাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জনই আমিরাত প্রবাসী ব্যবসায়ী। তাদেরই একজন দুবাইয়ের সর্ববৃহৎ গাড়ির শোরুম "নেফলেক্স গ্রুপের" চেয়ারম্যান এ কে আজাদ। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ৩৫০ জন বাংলাদেশি। নিজ এলাকার উন্নয়নেও কাজ করে যাচ্ছেন এই রেমিট্যান্স যোদ্ধা।
দুবাই প্রবাসী এ কে আজাদ সিআইপি ফেনী জেলার দাগনভূইঞা থানার বীর মুক্তিযোদ্ধা হাজী ইসরাফিল মিয়ার ছেলে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ার সুবাদে ছাত্রজীবন থেকেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্যর। যুক্তরাজ্যে উচ্চতর শিক্ষা অর্জনের পর ১৯৯৮ সালে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন সংযুক্ত আরব আমিরাতকে। তৈরি করেন ‘কার কেয়ার সেন্টার এলএলসি’ এবং ‘মুন অটো মোবাইল এলএলসি’সহ দশটি প্রতিষ্ঠান সম্মিলিত "নেফলেক্স গ্রুপ অফ কোম্পানিস"। দেশ ও প্রবাসের বেশকিছু সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন ব্যবসায়ী এ কে আজাদ। এছাড়াও, তার প্রতিষ্ঠানে কর্মরতসহ প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠানোয় উদ্বুদ্ধ করছেন এই বাংলাদেশি।
