দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) লিডারশিপ ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদানের উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। ‘স্বাধীন হতে স্বাধীন হও’ স্লোগান ধারণ করে গঠিত এই দলটির নাম নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই দল গঠনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নবগঠিত এই দলের পক্ষ থেকে দেশের বন্যাকবলিত এলাকার বন্যার্তদের সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসএমডি জিদান বলেন, আমাদের সংগঠনের মূলনীতি হলো বৈষম্যমুক্ত এবং নিরাপদ বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণ। অর্থাৎ এমন একটি দেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি মানুষ সমানভাবে জীবনযাপন করতে পারবে; থাকবে না কোনো বৈষম্য, থাকবে না আহাজারি, থাকবেনা জুলুম, অত্যাচার ও নিপীড়ন। থাকবে শুধু শান্তি-শৃঙ্খলা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা।
এসএমডি জিদান আরও বলেন, প্রতিবেশী দেশ যেভাবে আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ করে প্রতি বছর বাংলার মানুষের ব্যাপক জানমালের ক্ষতি সাধন করে যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। তাই এই সমস্যার স্থায়ী সমাধান আমাদেরই করতে হবে। আমরা আর পানিতে ডুবে মরতে চাই না। উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা। যে উন্নয়ন মানুষের জীবন রক্ষা করতে পারে না, সেটি উন্নয়ন নয়। উন্নয়নের নামে বোকা বানিয়ে জনগণকে শোষণ করে আসছিল বিগত সরকার। তাই এখন থেকে আমরা সচেতন থাকব এবং নিজেদের অধিকার আদায় ঐক্যবদ্ধ হব। তিনি বলেন, এই মুহূর্তে বন্যা দুর্গতদের পাশে আমরা দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়ান। আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, সবাই যার যার অবস্থান থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে।
