আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

post-img

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর তার দল আম আদমি পার্টি জানিয়েছে, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। এমন অবস্থায় ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতাসীন দল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার (২২ মার্চ) ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে আম আদমি পার্টি (এএপি)। লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। আপের বিক্ষোভের ডাকে নড়েচড়ে বসেছে সবাই, সতর্ক অবস্থান নিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও।

দ্য ওয়াল জানিয়েছে, সুপ্রিম কোর্টে কেজরিওয়াল তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানিয়েছেন। শুক্রবার সকালেই সেই আবেদনের শুনানি শুরু হবে।

মুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে বিধানসভার অধিবেশন বাতিল করা হয়েছে। আপের নেতা ও দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেন, আমি অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। কোন আইনে আমাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দিল না পুলিশ, প্রশ্ন তোলেন তিনি।

মদনীতি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখান থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেফতার হলেন। তবে দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি বলেছেন, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেই থাকবেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.