আমেরিকায় বিক্রি হওয়া অ্যাপল ওয়াচ সিরিজ-৯ ও আল্ট্রা-২ মডেল থেকে ব্লাড অক্সিজেন ফিচার সরিয়ে নিচ্ছে অ্যাপল। দেশটির নিয়ন্ত্রক সংস্থার আরোপিত আমদানি নিষেধাজ্ঞা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রক্তে অক্সিজেন পরিমাপের ফিচার সম্পর্কিত পেটেন্ট নিয়ে অ্যাপলের সঙ্গে আইনি লড়াই চলছে মাসিমো নামের একটি স্বাস্থ্য প্রযুক্তি কোম্পানির। ফিচারটি সরানোকে সাধুবাদ জনিয়েছে আমদানি রক্ষণাবেক্ষণকারী সংস্থা ইউএস কাস্টমস।
সরকারি সংস্থাটি জানায়, ফিচার ছাড়া অ্যাপলের স্মার্টওয়াচ আমদানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না। তাই ওয়াচগুলো আবারও আমদানি করা যাবে। অ্যাপল ব্লাড অক্সিজেন ফিচার অন্তর্ভুক্ত না করে পুনরায় বিক্রি করতে পারবে।
প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়, অ্যাপল এরইমধ্যে আমেরিকার স্টোরগুলোতে ফিচারটি মুছে ফেলছে এবং নতুন ডিজাইনে স্মার্টওয়াচ সরবরাহ শুরু করেছে। তবে ইউএস কাস্টমসের সিদ্ধান্তের সঙ্গে মার্কিন বাণিজ্য কমিশন (আইটিসি) একমত না হলে আমদানি নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে।
গত অক্টোবরে ব্লাড অক্সিজেন ফিচার সম্পর্কে মাসিমোর পেটেন্ট লঙ্ঘন করার অভিযোগ ওঠে অ্যাপলের বিরুদ্ধে। ফলে কোম্পানিটি বড়দিনের আগে তাদের নতুন ওয়াচ বিক্রি বন্ধ করে দেয়। তবে ডিসেম্বরের শেষ দিকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় অ্যাপল আবার বিক্রি শুরু করে।
টেক জায়ান্টটি জানায়, আগের অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা কোনো ফিচার হারাবেন না। পরিবর্তনটি কেবল বিক্রি হওয়া নতুন ওয়াচের ক্ষেত্রে প্রযোজ্য। ব্লাড অক্সিজেন ফিচারটি ২০২০ সালে অ্যাপল ওয়াচ সিরিজ ৬-এর পর থেকে চালু করা হয়েছে।
