সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে মৃত হজযাত্রীদের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আবার অনেক হজযাত্রী নিখোঁজ হওয়ায় তাদের পরিবারের সদস্য এবং স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এবারের হজের সময় প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছেন সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের হজযাত্রীরা।
পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হজ করতে আসা অনেক হজযাত্রীকে খুঁজে না পেয়ে তাদের স্বজনরা হাসপাতালে খোঁজ নিতে শুরু করেন। অনেকেই সামাজিক মাধ্যমেও সাহায্য চেয়েছেন বলে জানা গেছে। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ মানুষ হজের উদ্দেশ্যে সৌদি আরবে সফর করছেন। তবে এদের মধ্যে অধিকাংশই বয়স্ক এবং দূর্বল। সৌদিতে এবারের গ্রীষ্মের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে প্রচণ্ড গরম এবং রোদের তাপে হজযাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন।
