রেমিট্যান্সে প্রণোদনা দ্বিগুণ করায় গতি ফিরেছে প্রবাসী আয়ে। নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ১০ দিনেই আয় হয়েছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের পর চলতি মাসেও রেমিট্যান্সের গতি বেড়েছে। গড়ে প্রতিদিন এই খাত থেকে আসছে ৬ কোটি ৯৯ লাখ ডলার। এদিকে অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৪ কোটি ৯৯ লাখ ডলার।
আর সেপ্টেম্বরের ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১০৫ কোটি ডলার। গেল ২২ অক্টোবর থেকে অধিক হারে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। প্রতি ডলারে সরকারের পক্ষ থেকে আড়াই শতাংশ প্রণোদনা কার্যকর করায় এই হার বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
