লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটিতে পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস নিচে ছিটকে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।
বাসটি আন্দিজের ওপর দিয়ে ভ্রমণের সময় ৪০ জনেরও বেশি যাত্রী বহন করছিল, যেখানে এই ধরনের ট্র্যাজেডি অস্বাভাবিক কিছু নয়। আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেছেন, ১৩ জনের মৃতদেহ ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনকে বাসের নিচ থেকে উদ্ধার করা বাকি রয়েছে। দুর্ঘটনায় মোট ১৬ জন নিহত হয়েছেন। শিলাবৃষ্টি-সহ খারাপ আবহাওয়ার কারণে অবশিষ্ট মৃতদেহ উদ্ধারে বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছেন ভেগা। দুর্ঘটনাকবলিত বাসটি লিবার্তাদোরস হাইওয়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে লিমা থেকে আয়াকুচো শহরে যাচ্ছিল বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। একপর্যায়ে বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।
