বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জার্মানির সর্বত্র উদযাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩১। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে দেশটির অন্যান্য প্রদেশের মত রাজধানী বার্লিনেও ছিল প্রবাসী সংগঠনের নানা আয়োজন।
বাংলার আবহমান সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য দিন পহেলা বৈশাখ। ধর্ম বর্ণ আর জাত পাতের উর্দ্ধে উঠে ঐতিহ্যবাহী জাতীয় এই দিনটিকে পালনে বাংলাদেশের মত প্রবাসীরাও পিছিয়ে নেই। একেতো রোববার দেশটিতে ছুটির দিন তারোপর ঈদুল ফিতরের আনন্দ সেই সাথে বাংলা নববর্ষ বরণ সব মিলিয়ে বেশ উৎসবমুখর ছিল বার্লিনের প্রবাসীদের সংগঠন বেঙ্গালীশে কুলটুর ফোরামের জমকালো আয়োজন।
তাইতো প্রবাসীদের ঢল নেমেছিল অসাম্প্রদায়িক এই উৎসবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সবার জন্য শুভকামনা জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া।
বাঙ্গালী হিসেবে আত্ম পরিচয়ের এই দিনটিতেও ছিল ছিল জার্মান প্রবাসী নানা বয়সের শিল্পীদের মনোমুগ্ধকর আয়োজন।
এমন অনুষ্ঠান আয়োজনতো বটেই অংশগ্রহণ করতে পেরে খুশী দূর দূরান্ত থেকে আসা সর্বস্তরের প্রবাসীরা।
বরাবরের মত বর্ষবরণের অনুষ্ঠানে ছিল নানা ধরণের মজাদার ঐতিহ্যবাহী বাংলা খাবার ও পিঠাপুলির বিশেষ আয়োজন । ছিল প্রবাসী উদ্যেক্তাদের তৈরি নানা ধরণের পোশাক ও নানা ধরণের হাতের তৈরি সামগ্রীও। তবে বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনার কারণে দিনটাকে প্রবাসীরা বছরজুড়ে মনে রাখবে বিশ্বাস অনেকের।
