ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হককে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেনসহ উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। এ উপলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান মনির হোসেন কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রাসহ স্টেশনের বাইরে সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থান নেন।
অন্যদিকে মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে স্টেশনের ভেতরে অবস্থা নেন পৌর মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ, সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া। বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রী স্টেশন থেকে বের হয়ে গাড়িতে কসবার উদ্দেশে রওনা হন। এ সময় কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার সড়ক বাজারের দিকে হাঁটা শুরু করেন উভয়পক্ষের নেতারা।
