আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন

post-img

অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন।

শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।

সোমবার বিকেলে সুইডেনে স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। অধ্যাপক গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণ সম্পর্কে প্রথমবারের মতো বিস্তৃত গবেষণা করেছেন অর্থনীতিতে নোবেলবিজয়ী ক্লডিয়া গোল্ডিন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে।

নিউ ইয়র্কে ১৯৪৬ সালে জন্ম ক্লডিয়া গোল্ডিনের। ১৯৭২ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপনায় যুক্ত।

অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। এর আগে, গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন—বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ পুরস্কার দেওয়া হয় তাদের।

এ বছর গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

অর্থনীতিতে নোবেল পুরস্কারের মাধ্যমে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শেষ হল। পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন গোল্ডিন। ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.