ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, নিষ্পাপ শিশুদের মৃত্যু খুবই বেদনাদায়ক। ইউক্রেনের রাজধানী কিইভের একটি শিশু হাসপাতালে রাশিয়ার প্রাণঘাতী হামলার দিন মস্কো সফরে গিয়ে একথা বলেন মোদী। ইঙ্গিতপূর্ণ এ মন্তব্য করে মোদী পরোক্ষভাবে পুতিনকে ভর্ৎসনা করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও পুতিনের আমন্ত্রণে মোদীর রাশিয়া সফরের উদ্দেশ্য দু'দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব বাড়ানো। ইউক্রেন বলছে, তারা শিশু হাসপাতাল থেকে রাশিয়ার একটি কেএইচ -১০১ ক্ষেপণাস্ত্রের টুকরো উদ্ধার করেছে। সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেইন জুড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়। তবে রাশিয়ার দাবি, ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থাই হাসপাতালে আঘাত হানার জন্য দায়ী।
