সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে, বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট। হজ্ব যাত্রীদের স্বাগত জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তারা। রাষ্ট্রদূত বলেন,যেকোনো প্রয়োজনে হাজীদের পাশে থাকবে দূতাবাস। এসময় বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান, বাংলাদেশি হজ যাত্রীরা।
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে বছরের প্রথম হজ ফ্লাইটে, ৪১৫ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়, সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেন হাজীরা। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল-খোয়ামী,জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের প্রধান, মেজর জেনারেল ফয়সাল আল রাজিসহ অনেকে।
এসময় রাষ্ট্রদূত বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস,কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন, সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে।
বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়েছে,পবিত্র হজ পালনের জন্য প্রথম দিনে ১৯৮৪ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।
