ব্রিটিশ কলম্বিয়া সরকারের সম্মানজনক ‘মেডেল অব গুড সিটিজেনশিপ’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম। নিজ নিজ কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে ব্রিটিশ কলম্বিয়া সরকার। এবার ২১ জন এ পদকের মনোনীত হয়েছেন।
আগামী ২৫ জানুয়ারি তাদের হাতে পদক তুলে দেওয়া হবে। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সম্মানজনক এ পদক পাচ্ছেন আমিনুল ইসলাম।
কানাডার ব্রিটিশ কলম্বিয়া সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমিনুল ইসলাম। তার উদ্ভাবিত ‘ব্রিটিশ কলম্বিয়া’ মডেলের মাধ্যমে সারে শহরের শিক্ষার্থীরা ১৭২টি মাতৃভাষা চর্চায় সম্পৃক্ত হতে পেরেছে। তার মডেলটি সারে শহরের বাইরের স্কুলগুলোতেও জনপ্রিয়তা পেয়েছে। এমনকি ইউনেস্কোর এডুকেশন ফের্মওয়ার্ক-২০৩০ এর জন্যও মডেলটি গৃহীত হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের বাইরে প্রথম দেশ হিসেবে ২০২৩ সালে কানাডা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মো. আমিনুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন মাতৃভাষা সম্পর্কে সচেতনতা বাড়াতে তার উদ্যোগে ২০১৩ সাল থেকে কানাডায় ‘মাতৃভাষা উৎসব’ পালিত হচ্ছে। মাতৃভাষার বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা হিসেবে তার উদ্যোগে ২০০৯ সালে কানাডার প্রথম মাতৃভাষা স্মৃতিস্তম্ভ ‘লিংগুয়া অ্যাকুয়া’ স্থাপিত হয়।
