দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে। পোস্টাল ভোটের পাশাপাশি অনেকে আবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেশেও ফিরছেন। তবে প্রবাসীদের অধিকার আদায়ে সংসদে প্রবাসী প্রতিনিধিত্বের দাবি জানিয়েছেন তারা। এছাড়াও দেশের রাজনৈতিক সহিংসতা দূর করে উৎসবমুখর নির্বাচনের আহবান এ রেমিট্যান্স যোদ্ধাদের। কুয়েত থেকে আ হ জুবেদের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে উঠে আসে এসব তথ্য।
আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশেও চলছে নানা আলোচনা। চায়ের আড্ডা থেকে কর্মস্থল, সব যায়গায় একই গল্প বাংলাদেশীদের মধ্যে। সরকার গঠনের এ নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও। পছন্দের প্রার্থীর পাশে থাকতে অনেক বাংলাদেশী আবার দেশেও ফিরছেন।
তবে প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসীবান্ধব সরকার ব্যবস্থার প্রত্যাশা বাংলাদেশীদের। এ জন্যে সংসদে প্রবাসী প্রতিনিধিত্বেরও দাবি জানিয়েছেন এ রেমিট্যান্স যোদ্ধারা। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী।প্রবাসী এ বাংলাদেশীদের জন্য ভোট ব্যবস্থা সহজ করার আহবান কমিউনিটি নেতাদের।
