বাহরাইনে বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সর্ম্পকের সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মানামার দ্যা ডিপ্লোম্যাট রেডিসন হোটেলে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ আয়োজন করা হয়। দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাহরাইন কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আহমেদ বিন সালমান আল-মুসালাম, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল অ্যাফেয়ার্স ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফা, নর্দান গভর্নর আলী বিন আল শেখ আব্দুল হুসাইন আল-আসফুর ও জনপ্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাইখা রানা বিনতে ঈসা বিন দাইজ আল খালিফা। এছাড়াও শুরা কাউন্সিল ও কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য, বাহরাইনস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কমিউনিটি ব্যক্তিত্বরাও এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ-বাহরাইনের কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি দু’দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। এছাড়াও, ছিল বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথভাবে স্মারক লোগো উন্মোচন ও বিশেষ প্রকাশনা।
