অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে বড় অংকের আর্থিক জরিমানা করা হবে বলে আবারো ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এছাড়া প্রবাসীদের মধ্যে কেউ এমন চেষ্টা করলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি পুনরায় দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে প্রবাসী বাসিন্দাদের যাদের অনুমতি ছাড়াই হজ পালন করতে দেখা যাবে তাদেরকে নিজ দেশে নির্বাসিত করা হবে এবং পুনরায় সৌদিতে প্রবেশে বাধা দেওয়া হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ পালনের আচার অনুষ্ঠানে অংশ নিয়ে কেউ হজ প্রবিধান লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেলে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থী যেই হোক না কেন, যে কারও ওপর ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা আরোপ করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির পাবলিক সিকিউরিটি। এদিকে সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে, একই অপরাধ বারবার করা অপরাধীদের জন্য জরিমানার অংকও দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি হাজীদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশাবলী মেনে চলার ওপরও জোর দিয়েছে।
