এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি ।
৬ অক্টোবর শুক্রবার নরওয়ের বিকাল ৩টার সময় নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। নোবেল কমিটি বলেছে, রানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদি একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাঁকে বেশির ভাগ সময় কারাগারে থাকতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেফতার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। তিনি এখনও কারাগারে।
২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী আরেক ইরানি নারী শিরিন এবাদির নেতৃত্বাধীন এনজিও ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার-এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন নার্গিস। ১৯তম নারী হিসেবে মোহাম্মদী ১২২ বছর পুরনো নোবেল শান্তি পুরস্কারটি পেলেন।
বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। তার আগে গত বুধবার ন্যানো প্রযুক্তির অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য রসায়নে নোবেল পুরস্কারের জন্য তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন আলেক্সি ইয়াকিমভ, মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুস।
তার আগের দিন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান পিয়ের আগোস্তিনি, ফেরেন্স ক্রাউজ ও অ্যান লিয়ের। এই বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র সময়ে অ্যাটোসেকেন্ডে আলোকতরঙ্গের স্পন্দন তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। তাঁদের এ গবেষণা আরও দ্রুতগতির ইলেকট্রনিকস ও রোগনির্ণয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আর করোনার এমআরএনএ টিকা তৈরিতে ভূমিকার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন দুই গবেষক ক্যাটালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যাঁরা অবদান রাখেন, তাঁরা পান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
