১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এমন কড়া হুঁশিয়ারী দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এ ঘোষণা দেন দলটির আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিল করতেই হবে, এর কোন বিকল্প নেই।
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপিসহ সব বিরোধীদলের শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও জানান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আর সরকার এসব দাবি মেনে না নিলে, আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সমাবেশ শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, সাম্য ও মানবতার সরকার ছাড়া দেশের মানুষের জীবন মানের উন্নয়ন হবে না। তাই সবাইকে জালিমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
