নির্বাচন নয়, দেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায় বিএনপি। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত জাতীয় চারনেতার স্মরণসভা অনুষ্ঠানে,দেশের প্রতিটি এলাকায় অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করে ধরিয়ে দেয়ার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।
৩ নভেম্বর চার জাতীয় নেতার স্মরণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করে আওয়ামী লীগ। এ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠনে চার জাতীয় নেতার ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী।আগুনে মানুষ পুড়িয়ে মারার তীব্র সমালোচনা করেন তিনি। প্রশ্ন রাখেন,কোনো মানুষ কী মানুষকে পুড়িয়ে মারতে পারে? দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর জন্য বিএনপি-জামাতকে দায়ী করেন তিনি। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।মানুষের ভোট দেয়ার পরিবেশ নিশ্চিতের আহবান জানান।খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুদকারীদের ধরিয়ে দেয়ার নির্দেশও দেন তিনি।এছাড়া,দলের মনোনীত প্রার্থীর পক্ষে একজোট হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।
