লেবানন থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের সন্মাননা সনদ এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। প্রবাসী দিবসে এ সম্মাননা তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশটিতে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষ্যে দূতাবাস মিলনায়তনে বিশেষ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণ এবং দূতাবাস প্রদত্ত সেবা কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. বাকী বিল্লাহসহ কর্মকর্তা-কর্মচারী এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশীরা অংশ গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন,দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশিদের জন্য দূতাবাস প্রদত্ত সেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
