post
বিনোদন

ইফতারিতে মুগ্ধ পরমব্রত

ঢাকায় দেখা মিলল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। সমাজকর্মী স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে ঢাকায় ঘুরে গেছেন তিনি। সেটাও কিনা এসেছিলেন স্ত্রীর এখানকার বন্ধুদের আমন্ত্রণে। রমজানে রাজধানীজুড়েই অন্যরকম এক সাজ বিরাজ করে। এর মধ্যেই কলকাতা থেকে ঢাকায় এসে সেই আবহ উপভোগ করে গেলেন পরমব্রত-পিয়া দম্পতি। বিশেষ করে ঢাকার ইফতারে মুগ্ধ হয়েছেন পরমব্রত। এখানকার বন্ধুদের বাড়িতে জমিয়ে ইফতার করেছেন টলিউডের জনপ্রিয় এই দম্পতি। ইফতারের সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে দেখা গেছে, ইফতারের আয়োজনে খাবারের টেবিলে সাজানো অসংখ্য আইটেম। চিকেন, মাটন থেকে শুরু করে নানা রকমের মিষ্টান্ন, ফল, শরবত সবকিছুই ছিল খাবারের টেবিলে। ইফতারের সেই ছবি প্রকাশ করে বাংলাদেশি বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা। একইসঙ্গে লিখেছেন, এমন এক ইফতার যেটা আর আগে কখনো করেননি।

post
বিনোদন

টাকা না পাওয়ায় অঞ্জনাকে ডিপজলের নোটিশ

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অভিনয়শিল্পীদের মাঝে লড়াইটা জমে উঠেছে। ইতোমধ্যেই দুইটি প্যানেলে দুই ভাগে বিভক্ত হয়েছেন শিল্পীরা। যাদের একাংশ গেছেন অভিনেতা মিশা ও ডিপজলের দলে। অন্যরা গেছেন চিত্রনায়িকা নিপুণের প্যানেলে। তাদেরই একজন চিত্রনায়িকা অঞ্জনা। এবারের নির্বাচনের নিপুণের প্যানেলে থেকে লড়বেন তিনি। এসব তো গেল পুরোনো খবর, নতুন খবর হচ্ছে- ধারের টাকা পরিশোধ না করায় চেক ডিসঅনারের জন্য নায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।

post
বিনোদন

শাশুড়ির জন্য উপহার পাঠিয়েছে আরিয়ান

ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান, এমন খবরই চাউর হয়েছে বি টাউনে। যেটা ফাঁস করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। মূলত আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই চমকপ্রদ কিছু তথ্য বের করেছেন তিনি। যেখানে দেখা গেছে, শাহরুখের ছেলে শুধু লরিসা নয় লারিসার পুরো পরিবারকে ইনস্টাতে ফলো করেন। একই চিত্র এই অভিনেত্রীর ক্ষেত্রেও। শাহরুখ পরিবারকে ফলো করেন এই ব্রাজিলিয়ান সুন্দরী নিজেও। এমনকি আরিয়ান খান লারিসার মাকে তার জন্মদিনে একটি উপহার পাঠিয়েছেন বলেও জানা গেছে। যা উঠে এসেছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে। ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা পেশায় একজন অভিনেত্রী। গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও থেকে শুরু করে একাধিক গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে।

post
বিনোদন

ঈদে মাহফুজুর রহমানের হিন্দি গান

প্রতিবছরের ন্যায় এবারের ঈদেও ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ও এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে এবার একটি নয়, দুইটি গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন তিনি। জানা গেছে, ইতোমধ্যেই নতুন গানের শুটিং সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্ঠানে বাংলার পাশাপাশি বেশ কিছু হিন্দি গান গাইবেন তিনি। যা এবারের ঈদে ভক্তদের জন্য নতুন চমকই বলা চলে। এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি শুধু আমারই থেকো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০ টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি গজল। অ্যালবামে রয়েছে আমায় ভালোবাসোনা, তোমার চোখ দুটি, তুমি যে শুধু আমার, যাবে যদি চলে যাও এবং বুকের মাঝে রাখবো শিরোনামের গান। গজলের মধ্যে রয়েছে মেরে মিতুয়া, ম্যায় জিস দিন, জানে কাহা, ম্যায় সায়ের তো নেহি এবং চিটঠি আয়ি হ্যায়।

post
বিনোদন

বিড়ালের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা আসিফের, থানায় জিডি

পোষা বিড়াল হারিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবুও মেলেনি সন্ধান। বাধ্য হয়ে এবার ঘোষণা করলেন ৫০ হাজার টাকা পুরস্কার। ঘোষণাটি সামাজিক মাধ্যমে দিয়েছেন এ গায়ক। নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, সুবিশাল কম্পাউন্ডে প্রতিদিনই পুম্বাকে (বিড়ালের নাম) খুঁজি। ওর নাম ধরেও ডাকাডাকি করি যদি সাড়া দেয়! পুম্বা নেই তেরো দিন হয়েছে, অনেক ক্যাট লাভার চেষ্টা করে যাচ্ছে তাকে খুঁজে বের করতে। পুম্বার মতো দেখতে একটা বিড়াল এরমধ্যে তার মালিকও খুঁজে পেয়েছে। এরপর লিখেছেন, আমার সন্তানদের ধারনা তাদের বাবা মহাপরাক্রমশালী হারকিউলিস, যে সব কিছু করতে পারে। কোনো ক্রাইসিস তৈরি হলে সন্তানদের শান্ত করার জন্য বলি চিন্তা করো না বাবা- টাইগার আভি জিন্দা হ্যায়! পুম্বা হারিয়ে যাওয়ার পর বাচ্চাদের কাছে কিছুটা অসহায় হয়ে গেছি। তেইশ মাস বয়সী আইদাহও পুম্বাকে খুঁজে বেড়ায়। সবশেষে এ গায়ক লিখেছেন, বিড়ালটা বেঁচে আছে, কারও বাসায় আছে। তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছে। এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, স্বাভাবিকের চেয়েও ওর দেহের গড়ন ও সৌন্দর্য নজর কাড়ার মত। আমি জানি সে ভাল যত্ন আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময়ও হয়ে গেছে। প্লীজ পুম্বার শুধু সন্ধান দিন, ৫০০০০ টাকা গিফট পৌঁছে যাবে। শিগগিরই একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হবেন আসিফ। এটি গায়কের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম ‘দ্য লাস্ট ডন’। গানে আসিফকে একজন ডনের ভূমিকায় দেখবে দর্শক। থাকবে অ্যাকশন দৃশ্যও।

post
বিনোদন

ঈদে থাকছে বিদেশি চমক

দুই যুগেরও বেশি সময় ধরে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের নিয়ে তুলে ধরছেন হানিফ সংকেত। যাদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই পর্বে বিদেশিরা তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করে। ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছে ‘হানিফ সংকেত’ ও ‘ইত্যাদি’ দুটি প্রিয় নাম। এ দেশে না থাকলেও বিদেশিরা তাদের বন্ধু-বান্ধব ও নতুন সহকর্মীদের ‘ইত্যাদি’র এই পর্বটির ব্যাপারে উৎসাহিত করেন। বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ। যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন এবং অংশগ্রহণ করেন। তাছাড়া ইত্যাদি প্রচারের পর ইত্যাদিতে অংশগ্রহণ করা বিদেশিরা বাইরে বের হলে দর্শকরা যখন তাদের চিনতে পারেন, তাদের করা চরিত্র নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন-তখন তাদের ভালো লাগে। একটি অনুষ্ঠানের ছোট্ট একটি পর্বে স্বল্প সময়ের উপস্থিতিতে তাদের এই পরিচিতি তাদেরকে বিস্মিত করে, আনন্দিত করে।

post
বিনোদন

‘গ্রেট ইন্ডিয়ান শো’ দিয়ে ফিরলেন কপিল-গ্রোভার, প্রথম দিনেই ঘটল যে কাণ্ড!

দীর্ঘ বিরতি পর গত ৩০ মার্চ থেকে ফের কমেডি শোতে ফিরেছেন কপিল শর্মা। নতুন শোয়ের নাম—দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। প্রথম দিনের অনুষ্ঠানে কাপুর ফ্যামিলি (নীতু কাপুর, রণবীর কাপুর ও রিদ্ধিমা কাপুর) এসেছিলেন। এছাড়া ছিলেন কপিল শর্মা ও কিকু সারদার পরিবার। শোতে কপিলের স্ত্রী গিনি চত্রথও ছিলেন।এই পর্বে একটা সময় গিনি কপিলের মধ্যে বিয়ের পর্বে যে পরিবর্তনগুলো দেখেছেন সেটা নিয়ে কথা বলেন।তিনি বলেন, আমি সামনে থাকলে ভদ্র থাকে। কিন্তু আমি বাড়ি থেকে বেরোলে জানি না কী ঘটবে।অভিমান ভুলে ফের কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভার নতুন কমেডি শো’র পরিকল্পনা কপিল শর্মার, আর কারা থাকছেন?স্ত্রী এসব বলতেই কপিল তার উদ্দেশ্যে বলেন, আমি বাজে বকার জন্যই টাকা পাই। কিন্তু ওর সামনে ফ্রিতে বাজে বকি কিন্তু ও শুনতে চায় না। এরপরই অর্চনা গিনিকে জিজ্ঞেস করেন কপিল বাবা হিসেবে কেমন? উত্তরে তিনি বলেন, সেরা বাবা। কিন্তু স্ত্রী যতই প্রশংসা করুন না কেন জবাবে কপিল বলেন, ও কিছুই করে না। করবে কী করে, তখন তো দ্বিতীয় সন্তানের জন্ম দিতে ব্যস্ত ছিল। এটার জবাবে মোটেই চুপ থাকেননি গিনি। তিনি কপিলকে পাল্টা আক্রমণ করে বলেন, ওই দয়াটা কে করেছিল? আনায়রা তখন মাত্র পাঁচ মাসের যখন আমি আবার মা গর্ভবতী হই। এদিন রণবীর কাপুর-নীতু কাপুরও তাদের পরিবারের খুদে সদস্য রাহাকে নিয়ে কথা বলেন। জানান, রণবীরও খুব ভালো বাবা।

post
বিনোদন

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা ওলিউল হক রুমি

গেল ফেব্রুয়ারিজুড়েও অভিনেতার টাইমলাইনজুড়ে ছিলো শুটিং ব্যস্ততার ভিডিও আর স্থিরচিত্র। তিনি পর্দায় যেমন সারাক্ষণ মজার চরিত্রে অভিনয় করেন, বাস্তবেও। সেই প্রাণ চঞ্চল অভিনেতা অলিউল হক রুমি এখন নিথর পড়ে আছেন হাসপাতালের বিছানায়। যুদ্ধ করছেন মরণব্যধি ক্যানসারের সঙ্গে। দুই সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। রোগ মুক্তিতে সবার কাছে দোয়া চেয়েছেন এই গুণী অভিনেতা। রুমির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিনেতা কোলন ক্যানসারে আক্রান্ত। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয়েছে। এখন দেশের হাসপাতালের সিসিইউতে আছেন এই অভিনেতা। অভিনয় জীবনের তিন দশকেরও বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। পর্দায় তার উপস্থিতি যেন বাড়তি আনন্দ দেয় দর্শকদের। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেনও। বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি।রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে– ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘বাপ বেটা দৌড়ের উপর’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-৭’, ‘জমজ-৮’, ‘জমজ-৯’, ‘জমজ-১০’, ‘রতনে রতন চিনে’, ‘২০০ কদবেলী ইত্যাদি’, ‘সোনার শিকল’, ‘কমেডি ৪২০’, ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’, ‘আকাশ চুরি’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি। আসছে ঈদের জন্য নির্মিত বেশ ক’টি নাটকেও দেখা যাবে এই অভিনেতাকে।

post
বিনোদন

ক্যামেরা দেখে চেতলেন সারা আলি

বিভিন্ন সময়ে মন্দিরে যেমন দেখা গেছে সারা আলি খানকে, দেখা গেছে আজমির শরিফেও। সম্প্রতি মুম্বাইয়ের এক শনি মন্দিরের বাইরে দেখা গেল সারাকে। এমনিতে আলোকচিত্রীদের সঙ্গে সুসম্পর্ক তার। তবে এ দিন আলোকচিত্রীদের দেখামাত্রই বিরক্তি প্রকাশ করেন। সেই সঙ্গে, ক্যামেরা বন্ধ করার অনুরোধও জানান। কিন্তু, হঠাৎ এমন বিরক্তির কারণ কী? মুম্বাইয়ের ওই মন্দিরের বাইরে দুঃস্থদের খাবার বিতরণ করছিলেন অভিনেত্রী। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই রেগে যান সারা। আলোকচিত্রীদের উদ্দেশে সারা বলেন, প্লিজ বন্ধ করুন। আমি আপনাদের অনুরোধ করে করে হাঁপিয়ে গিয়েছি। আপনারা দয়া করে এটা করবেন না। প্লিজ! তবে সারার অনুরোধের তোয়াক্কা করেননি ফটোশিকারিরা। শুধু সারা নন, বলিউডে বার বার তারকাদের ব্যক্তিগত জীবনে ঢুকে গেছেন ফটোশিকারিরা। সর্বক্ষণ ক্যামেরার নজরদারির সামনে থাকতে থাকতে খানিক হাঁপিয়ে ওঠেন তারাও। সম্ভবত সেই কারণেই মেজাজ হারান সারা।

post
বিনোদন

হিরো আলমের ফেসবুক পেজ হ্যাক, ছড়ানো হচ্ছে অশ্লীল ছবি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে বলে জানা গেছে। এদিকে হ্যাক হওয়ার পর পেজটি থেকে কয়েকটি অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে বিষয়টি আমার সংবাদকে নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম। হিরো আলম জানান, হ্যাকিংয়ের পর পেজটি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে লেখা, উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করেছে। আর প্রোফাইল পিকচার পরিবর্তন করে কাশ্মীরের সাবেক স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির ছবি দেয়া হয়েছে। এদিকে হ্যাকাররা পেজের কাভার ফটো পরিবর্তন করে অশ্লীল একটি ছবি প্রকাশ করে। তবে কমিউনিটি গাইডলাইনের আওতায় ছবিটি সম্ভবত ফেসবুক সরিয়ে দিয়েছে। হিরো আলম আমার সংবাদকে জানান, তার ফেসবুক আইডি এবং ভেরিফায়েড পেজ হ্যাক হয়েছে। এগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে তার টিম কাজ করছে। হিরো আলম বলেন, আগেও আমার নয়টা পেজ হ্যাক হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে আমার প্রতিপক্ষ, রাজনৈতিক চক্র জড়িত থাকতে তিনি আরও জানান, দেশের বাইরে থাকায় কোনো আইনি ব্যবস্থা এখনো নিতে পারেননি। তবে বিষয়টি তিনি ডিবিপ্রধান হারুন অর রশিদকে জানিয়েছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.