মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে চার বাংলাদেশি ও মিয়ানমারের এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে তাদের কারও নাম পরিচয় প্রকাশ করেনি। তবে গ্রেপ্তার চার বাংলাদেশিদের বয়স ২৩ থেকে ৩৭ বছর বলে জানা গেছে। মালয়েশিয়া পুলিশের সহকারী কমিশনার রজলাম আব হামিদ জানিয়েছেন,শুক্রবার অপহরণের শিকার ওই বাংলাদেশির বাবা অপহরণের বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপহরণকারীরা ২ লাখ রিঙ্গিত মক্তিপণ দাবি করেন। অপহরণের পরে বাংলাদেশে তার স্ত্রীর কাছে অপহরণকারীরা একটি ভিডিও রেকর্ডিং পাঠায় এবং টাকা দিতে না পারলে সন্তানকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে কমিশনার আরও জানান, অপহরণকারীরা ভূক্তভোগীদের পরিচিত বলেও ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে নির্যাতন কোডের ৩৬৫ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হবে।
