সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট শুরু হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ জন হজ্বযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে।
সিলেট-মদিনা হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বাংলাদেশ বিমান সিলেট থেকে সরাসরি মোট ৫টি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী ৪টি ফ্লাইট যাবে সিলেট থেকে জেদ্দা। এই ৫টি ফ্লাইটে সবমিলিয়ে ২ হাজার ৯৫ জন হজ্বযাত্রী পরিবহন করা হবে।
