বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির উদ্যোগে ইতালিতে শীতকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের একটি রেস্টুরেন্টের হলরুমে এ মিলন মেলার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া। সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল ওহাব, নুরুল আবছার, রায়হান কামাল ও শাহ মোঃ তৌহিদ কাদের সহ অনেকে। এসময় বক্তারা বলেন, বছরব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে ব্যস্ত থাকলেও নিজেদের পারস্পরিক সম্পর্ককে সমুন্নত করতেই এই আয়োজন।
এছাড়াও দেশটিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে নবজাগরণ নারী কল্যাণ সমিতি। রোমে অনুষ্ঠিত পিঠা উৎসবে আবহমান বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি নারীরা। সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সাধারণ সম্পাদক নুরনাহার আক্তার লিপি, সিনিয়র সহসভাপতি রেহানা আক্তার শিল্পী এবং সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকুর আমন্ত্রণে প্রায়অর্ধ শতাধিক বাহারি পিঠা তৈরি করেন নারী সদস্যরা। মেলায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, উম্মে হানি চৌধুরী, হালিমা খাতুন মান্নান ও শামসুন্নাহার বেগমসহ অনেকে।
