সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায়, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামসহ, নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁদের পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার তথ্যে জানা যায়,সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে, রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে হল-মার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে দায়,১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা। এ ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর রমনা থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে পরের বছর ২০১৩ সালের ৭ অক্টোবর, ১১টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর ভায়রা তুষার আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়।
