জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ নারী হকি দলের জয়যাত্রা অব্যাহত রয়েছে। সিঙ্গাপুরে চলমান টুর্নামেন্টে আজ (মঙ্গলবার) বাংলাদেশ ৭-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এই জয়ের ফলে বাংলাদেশ তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সবার শীর্ষে ওঠে গেল। শক্তিশালী চাইনিজ তাইপে এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়।
অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টে নারী বিভাগে সাতটি দল অংশগ্রহণ করছে। শীর্ষ চার দল জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। টানা তিন জয়ে বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করার পথে। সিঙ্গাপুর থেকে এমনটাই জানালেন নারী দলের ম্যানেজার তারিক উজ জামান, ‘এই টুর্নামেন্টের শীর্ষ চার দল পরের ধাপে খেলার সুযোগ পাবে। টানা তিন জয় আমাদের চতুর্থ স্থান অনেকটাই নিশ্চিত।’
