ইউরোপের অন্যতম কুখ্যাত মানব পাচারকারী বারজান মাজিদকে গ্রেপ্তার করা হয়েছে। ইরাকের কুর্দিস্তান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশের হাজার হাজার অভিবাসীকে ইংলিশ চ্যানেল পার করিয়েছেন।
বারজান মাজিদকে নিয়ে সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন করে আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম। এতে বলা হয়, কয়েক বছর ধরে তিনি এবং তাঁর চক্রটি ইংলিশ চ্যানেলে নৌকা ও লরি দিয়ে মানব পাচার ব্যবসার সঙ্গে ব্যাপকভাবে জড়িত ছিলেন। স্করপিয়ন বারজান মাজিদ নামের এক কুর্দি ইরাকি। মাজিদ নিজেই পাচারের শিকার হয়েছিলেন। ২০০৬ সালে একটি লরিতে করে তাঁকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। তবে এক বছর পর তাঁকে দেশটি ছেড়ে যেতে বলা হয়। যদিও আরও কয়েক বছর যুক্তরাজ্যে থেকে গিয়েছিলেন তিনি। এর মধ্যে কিছু সময় নানা অপরাধে কারাগারে থাকতে হয়েছিল তাঁকে।
