আসামে মে মাসের শেষে যে বান ডেকে এনেছিল ঘূর্ণিঝড় রেমাল, তার রেশ না কাটতেই দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য। দীর্ঘসময় পার হলেও সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো ঈঙ্গিত নেই। এরইমধ্যে বন্যায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। আর কাজিরাঙা জাতীয় উদ্যানে মারা গেছে ১০টি গরুসহ ১৭৪টি প্রাণী। সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবারও ২৬ জেলার ২ হাজার ৫৪৫ গ্রামে ১৩ লাখ ৯৯ হাজার ৯৪৮ জনকে বন্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশে ব্রহ্মপুত্রসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
