বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন চিফ অব জেনারেল স্টাফ ওয়াকার-উজ-জামান। তাঁকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ২৩ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাহিদা পারভীন। ওয়াকার-উজ-জামান সেনাপ্রধানের দায়িত্বে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদ পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হলো।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত বছরের ২৯ ডিসেম্বর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।
