ডেভিড স্লেটন মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গতকাল বৃহস্পতিবার ছয়টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেন। ডেভিড মিল তাঁদের একজন। হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিযুক্তির কথা জানিয়েছে।
ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। বর্তমানে তিনি বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন। মিল বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি।
সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর গত বছর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এ নিয়ে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এখনো কাটেনি। কূটনৈতিক কয়েকটি সূত্র বলছে, এই টানাপোড়েনের মধ্যে মার্কিনিরা সম্ভবত নিজেদের অগ্রাধিকারে পরিবর্তন এনেছে। নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় সম্পর্কে স্থবিরতার মতো পরিস্থিতি তৈরি হয়।এই অবস্থায় বাংলাদেশ সরকারের সাথে ঝামেলা আপাতত একপাশে রেখে কী করে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য দিকগুলো এগিয়ে নেওয়া যায়, তারই একটি প্রচেষ্টা চালানো হচ্ছে।
মিলের মনোনয়ন এরই মধ্যে সিনেটে পাঠানো হয়েছে। সিনেটে শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে। মিল ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।
