সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যেই ছবিটি ছিল পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে থাকা একটি গরুর। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে ক্যাপশনে ভাবনা লেখেন, আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে? এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েন অভিনেত্রী। অনেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাবনাকে কটাক্ষ করতে শুরু করেন।
বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব থাকলেও এবার মুখ খুলেছেন ভাবনা। এক ফেসবুক স্ট্যাটাসে সেই ছবি প্রসঙ্গে কথা বলেছেন তিনি। যেখানে ভাবনা দাবি করেছেন, একজন পশুপ্রেমী হিসেবেই তার সেই ছবিটি শেয়ার করা।
ভাবনা বলেন, আমি মাঝে মাঝেই ছবি তুলতে পছন্দ করি। যখন কোনও দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে, সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করি। আমার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে একটি গরু, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। সে দিন ছিলো তীব্র দাবদাহ, গরমে দীর্ঘ সময় থাকার ফলে অবলা প্রানীটি ভীষণ ভাবে কাঁদছিলো। বোবা প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিল। ছবি তুলে আমার অনুভূতি প্রকাশ করি আমি। ছবিটির ক্যাপশন দিয়েছি ‘আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে!’ ব্যাস এতটুকুই!
এরপরই নেটিজেনদের কড়া সমালোচনা শুনতে হয়েছে ভাবনাকে। অকাথ্য ভাষায় গালাগাল করতেও ছাড়েননি তারা। বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, তারপর কিছু মানুষ শুরু করলেন আমাকে হেয় করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করলেন—আমি চামড়ার ব্যবসায়ী! আমি নিজে একটা গাভী! আমাকে লাথি মারতে মারতে ইন্ডিয়া পাঠানো উচিত! আরও কত নোংরা নোংরা কথা!
