বিএনপি ও তাদের মিত্রদের ডাকা হরতাল ও অবরোধের তেমন প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পরযন্ত।
আলু আমদানির খবরে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও, খুচরা বাজারে চিত্র ভিন্ন। পেঁয়াজের দাম আবারো বেড়েছে। দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা-বিক্রেতারা।
সরবরাহ ভালো থাকায় বাজারে শীতকালীন সবজির দাম অনেকটাই কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সবজির দাম কেজিতে কমেছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। আলু আমদানি অনুমোদনের পর,পাইকারি বাজারে প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকা বিক্রি হলেও, খুচরা বাজারে ৫৫ থেকে ৫৬ টাকা।
অন্যদিকে,সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। ভোক্তা পর্যায়ে দেশি পেঁয়াজ ১৩০ থেকে ১৩৫ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে,অপরিবর্তিত রয়েছে চাল,ডাল ও ভোজ্যতেল সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম।
