ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে তীব্র দাপদাহ চলছে। প্রচন্ড গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। দেশগুলোতে স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। অতিরিক্ত চাহিদার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর চাপ পড়ছে, যার কারনে এ বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্সে রোববার থেকে সরকারি স্কুলগুলোতে ইন-পারসন ক্লাস বন্ধ করে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আগামী তিন দিন ফিলিপিন্সে তাপমাত্র ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতার কারণে তা রেকর্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হবে।
