আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ১৫ জানুয়ারির আগে শুরু হচ্ছে না। ১৫ জানুয়ারি মেলা শুরুর সম্ভাব্য তারিখ ধরে কার্যক্রম পরিচালনা করছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবি’র সচিব বিবেক সরকার সোমবার এ তথ্য জানিয়েছেন। তবে ১৫ জানুয়ারি থেকে মেলা শুরু করা যাবে কি না সেটিও নিশ্চিত না। নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের মন্ত্রিসভার ওপর মেলা শুরুর বিষয়টি নির্ভর করছে। তবে মেলা যে দিনই শুরু হোক চলবে পুরো এক মাস। দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এই মেলায়।
