কুয়ালালামপুরে ১০ বাংলাদেশিসহ ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
দেশটির রাজধানীর তামান মেলাটি এলাকার একটি শপিংমলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুজন স্থানীয় নাগরিককেও আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ১০ জন বাংলাদেশি ছাড়াও, ইন্দোনেশিয়ার চারজন এবং ভারত ও পাকিস্তানের দুজন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে স্থানীয় দুজন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। অভিযান শেষে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানের সময় ২৩ জন বিদেশি এবং সাতজন স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়। তাতে দেখা যায়, ওই শপিংমলের ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া হয়েছে।
