যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র ইউক্রেনের সেনাদের হাতে এখনো পৌঁছায়নি। ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক অঞ্চল তাদের হাতছাড়া হওয়ার পথে। রুশ সেনারা দ্রুত সামনে এগোচ্ছে। ইউক্রেনের স্থলবাহিনীর একজন কমান্ডার আলেকসান্দর কোজাচেঙ্কো সতর্ক করে বলেছেন, তিনি ও তাঁর সেনারা রাশিয়ার সেনাদের ক্রমাগত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন। কোজাচেঙ্কোর বাহিনীর কাছে থাকা যুক্তরাষ্ট্রের এম সেভেন সেভেন সেভেন হাউৎজার থেকে প্রতিদিন ১০০ গোলা ছোড়া যেত। কিন্তু এখন তা সর্বোচ্চ ১০টিতে নেমে এসেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করবে।
