উত্তর মেরুর আর্কটিক অঞ্চল থেকে বয়ে আগত শৈত্যপ্রবাহের জেরে তীব্র ঠাণ্ডায় জমে গেছে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশ অঞ্চল। প্রবল শীতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ইতোমধ্যে ৩৩ জনের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে।
বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ব্যাপক তুষারপাত এবং হিমশীতল বৃষ্টির জেরে হাড় কাঁপানো শীত এবং হাইপোথার্মিয়ায় (ঠান্ডাজনিত পানিশূন্যতা) প্রাণহানি ঘটেছে এই মৃতিদের। এদিকে প্রবল শীতের কারণে দেশজুড়ে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে যুক্তরাষ্ট্রে; কিন্তু বাড়তি সেই বিদ্যুতের যোগান দিতে গিয়ে হিমসিম খাচ্ছে বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলো। এই মুহূর্তে বিভিন্ন অঙ্গরাজ্যের লাখ লাখ বাড়িঘর ও বাণিজ্যকেন্দ্র বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) বৃহস্পতিবার এক পূর্বাভাসে জানিয়েছে, আপাতত শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সামনে আরও তুষারঝড় আসতে পারে বলে সতর্কবার্তাও দিয়েছে এনডব্লিউএস।
