যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের আদালতে ফৌজদারি ঘুষ মামলায় খালাস পেলে দেশ ছাড়তে পারেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন ড্যানিয়েলসের স্বামী ব্যারেট বেড। ড্যানিয়েলস অভিযোগ করেছেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। পরবর্তীকালে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনের জেল হয়েছিল। তবে শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। ড্যানিয়েলস প্রথম ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছিলেন ২০১১ সালে। সেসময় নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোজার’ নিয়ে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন টাচ’ এর সঙ্গে আলাপে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন। গত সপ্তাহে স্টর্মি ড্যানিয়েলস আদালতে সাক্ষ্য দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বর্ণনা দিয়েছেন তিনি।
