ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবার এই সেনা নিহত হন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত সপ্তাহে গাজার সর্ব দক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, নিহত ওই সেনার নাম সার্জেন্ট আইরা ইয়ার জিস্পান। ১৯ বছর বয়সী আইরা ইসরায়েলের পেতাহ তিভকা এলাকার বাসিন্দা। তিনি সপ্তম আর্মড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে গত সপ্তাহে রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বর্তমানে শহরটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।
