সংবাদ

বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি কর্মী নিয়োগ

post-img

এবছর ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এজন্য ১০ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করা হবে। এছাড়া ডিএনসিসির সব কাউন্সিলর, কর্মকর্তা এবং মেয়র নিজেই মাঠে থাকবেন। বর্জ্য অপসারণের বিষয়টি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হট লাইন নম্বর রয়েছে যে কেউ যোগাযোগ করতে পারবেন।

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বছিলা কোরবানির পশুর হাট পরিদর্শনকালে এসব কথা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ডিএনসিসির স্মার্ট পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছেন। এবছর ৬টি হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা রাখা হয়েছে। ক্রেতারা ক্যাশ লেনদেন না করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারছেন। বিক্রেতা বা খামারিরাও গরু বিক্রির টাকা বহন না করে হাটেই ব্যাংক একাউন্টে জমা দিতে পারছেন। ব্যাংক একাউন্ট না থাকলে তাৎক্ষণিক একাউন্ট খোলার সুযোগও রয়েছে।

মেয়র আরও বলেন, কোরবানির পশুর হাটে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। হাটের সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কোরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এই টিম কোরবানির হাট মনিটরিং করছে। প্রধান সড়ক বন্ধ করে হাট বসালে তদারকি টিম ব্যবস্থা নিচ্ছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.