সংবাদ

খালে ময়লা ফেললে শাস্তি : মেয়র আতিক

post-img

খালে ময়লা ফেললে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৫ মে) ডিএনসিসির নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী চলমান বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিএনসিসির আওতাধীন খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে সপ্তাহব্যাপী বর্জ্য প্রদর্শনীর আয়োজন করেছে ডিএনসিসি। গুলশান-২ ডিএনসিসি'র নগর ভবনের সামনের রাস্তায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১১ মে শুরু হওয়া এই প্রদর্শনী ১৭ মে পর্যন্ত চলবে।

পরিদর্শন শেষে মেয়র বলেন, এই শহরে আমরা থাকি, এই শহরেই আমরা উপার্জন করি। এই শহরে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে। অথচ কীভাবে আমরা এই শহরের খালে ফ্রিজ, লেপ, তোশক, সোফা ফেলে দেই। আমাদের এই মানসিকতা চেঞ্জ করতে হবে। ড্রেনে প্লাস্টিকের বোতলে ভর্তি। এসবের ফলে একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যাচ্ছে। কিন্তু পানি কেন জমে যাচ্ছে এটা কেউ চিন্তা করছি না।

তিনি বলেন, বর্জ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যাতে নাগরিকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়। জনগণ যেন বুঝতে পারে কী ধরনের বর্জ্য ড্রেনে ও খালে ফেলে পরিবেশ দূষণ করছে- এই জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.