পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নিতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান মন্ত্রী।
এসময়ে বস্ত্র ও পাট মন্ত্রী রেশম শিল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং ভারতের সেন্ট্রাল সিল্ক বোর্ড রেশম পণ্যের সামগ্রিক উন্নয়নে যৌথভাবে কাজ করতে পারে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির ভারতের পণ্য বর্জন ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার কোনো সুযোগ নেই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের কাছে তাদের অগ্রাধিকার সবসময়ই থাকবে।
তিনি আরও বলেন, ভারতে যদি কোনো পণ্যের দাম কম হয়, মানুষ সেটা কিনবেই, এটা স্বাভাবিক। ভারত থেকে আনার পর যদি আমাদের দেশে সবজির দাম কম হয়, মানুষ তো সেটাই কিনবে। ব্যবসায়িক সম্পর্কের সঙ্গে রাজনীতি চলে না। এ ধরনের প্রচারণায় বিএনপি সফল হবে না।
