দেশের উত্তর ও পুর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আবারো অবনতি। ফলে দুর্ভোগ রয়েছেন বন্যা কবলিত মানুষ।
গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে তিস্তা ও ব্রহ্মপুত্র বেষ্টিত সুন্দরগঞ্জ,সদর,ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৬৫টি চরের লক্ষাধিক মানুষ ১০ দিন ধরে পানিবন্দি জীবন যাপন করছে।এদিকে, বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে দুর্গত এলাকায়। অন্যদিকে, সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে জলাবদ্ধতা দেখা দেয় মহানগরীর বিভিন্ন অংশে। ফলে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এছাড়াও, সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর তীরবর্তী শহরের নবীনগর,ষোলঘর, লঞ্চঘাট,বড়পাড়া,মল্লিকপুর’সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে।
