হজ নিয়ে প্রতারণার অভিযোগে সৌদি আরবে দুই মিসরীয় নাগরিক আটক হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অপরাধে তাদের আটক করা হয়। সৌদি পুলিশের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে,এই প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হাজিদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা করার বিজ্ঞাপন দিয়েছিলো। ভুয়া বিজ্ঞাপন দেখে কেউ যেন প্রতারিত না হয়, সে বিষয়েও মুসল্লিদের সতর্ক করে দিয়েছে সৌদি সরকার। সৌদিআরব জানিয়েছে, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে হজের অনুমতি নেওয়া যাবে। আর যারা অনুমতি নিয়ে হজ করবেন,কোনো ধরনের ঝামেলা ছাড়াই হজ সম্পন্ন করতে পারবেন। এদিকে সৌদির স্থানীয়দেরও অনুমতি নিয়ে হজ করার নির্দেশনা দেয়া হয়েছে। অনুমতি ছাড়া হজ করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
