নির্ধারিত সময়ের পরও দুদফা বাড়ানো হয় চলতি বছরের হজের ভিসা আবেদনের সময়। কিন্তু শেষ দিন শনিবার ভিসা আবেদন হয়নি ১৮ হাজার হজযাত্রীর। সৌদি সরকার যদি ভিসা আবেদনের সময় না বাড়ায়, তবে তাদের চলতি বছর হজে যাওয়া অনিশ্চয়তায় পড়বে। তবে ভিসা আবেদনের সময় তৃতীয় দফা বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থায় হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ২১৮ জন। এর সঙ্গে হজ গাইড ও মোয়াল্লেম মিলে এ সংখ্যা ৮৫ হাজার ২৫৭ জন। সর্বশেষ তথ্য বলছে, শনিবার রাত নয়টা পর্যন্ত মোট ভিসা পেয়েছে ৬৭ হাজারের কিছু বেশি। সে হিসেবে এখনও ভিসা পায়নি ১৮ হাজার ২৩৭ জন। তবে রাত ১২ টায় শেষ হচ্ছে এবারের হজের ভিসা আবেদনের সময়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করতে নিবন্ধন করেছেন। ৯ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট।
