সরকারের আবাসন কর্মসূচির আওতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বাড়ি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার সুবিধাভোগীদের কাছে জমিসহ বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জানান, এই ঘর পেয়ে বদলে গেছে ভূমিহীন মানুষের জীবনযাত্রা।
এর আগে,সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা,কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন তিনি। শুধু তাই নয় এর মধ্য দিয়ে মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করে সরকার।
অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, ভূমিহীনদের উন্নয়নে তাঁর সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন থাকবে না। সরকার ভূমিহীনদের জন্য জমিসহ বাড়ির ব্যবস্থা করে শুধু তাদের মাথা গোঁজার জায়গা দেয়নি, তাদের জীবন মানে এসেছে আমূল পরিবর্তন।
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে যাদের ঘরবাড়ি ভেঙেছে,বা ক্ষতিগ্রস্ত হয়েছে,তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
