ইংল্যান্ডে ক্যান্সার রোগের চিকিৎসায় অবহেলা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে করে অসংখ্য ক্যান্সার রোগীর জীবন পড়েছে চরম ঝুঁকিতে।
২০২৩ সালের ক্যান্সার চিকিৎসার পরিস্থিতি গবেষণা শেষে বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৬৪ শতাংশ রোগীর ৬২ দিনের মধ্যে চিকিৎসা পাওয়ার ভাগ্য হলেও, প্রায় লক্ষাধিক রোগীর সে ভাগ্য হয়নি। ক্যান্সার রোগীর চিকিৎসায় গত ১১ বছরে এমন অবনতি হয়নি বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের প্রধান নির্বাহী গিমা পিটারস একে অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন। ইংল্যান্ডে প্রায় তিন মিলিয়ন ক্যান্সার রোগী রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এদের মধ্যে বড় একটি অংশই বয়স্ক রোগী।
এনএইচএস ইংল্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, গত এক দশক ধরে ক্যান্সার রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। এতে করে চিকিৎসক এবং স্বাস্থ্য সেবায় জড়িতদের চাপ বেড়েছে। সেই সাথে যোগ হয়েছে চিকিৎসকদের ধর্মঘট। কেবল ইংল্যান্ড নয় পুরো ব্রিটেনেই ক্যান্সার রোগী সেবার বেহাল দশা বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
