মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুততম সময়ে পাসপোর্ট সেবা দিতে আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড-ইএসএল নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
ইএসএল বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও নিবন্ধিত। প্রতিষ্ঠানটি ই-পাসপোর্ট এবং মালয়েশীয় ও অন্যান্য দেশের নাগরিকদের বাংলাদেশের ভিসা সেবা প্রদানের জন্য এরই মধ্যে জালান দুয়া-চান শো লেনে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালু করতে প্রস্তুতি নিয়েছে। ভবনটি যে এলাকায় অবস্থিত সেখানে যাতায়াতের জন্য সব ধরনের নাগরিক সুবিধা, যেমন বাস, এলআরটি, এমআরটি রয়েছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে চালুর লক্ষ্যে এরই মধ্যে এখানে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে এবং ৪৭টি সার্ভিস কাউন্টার স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
